Advertisement
স্টারলিংকে বিভ্রাট, বিশ্বজুড়ে ইন্টারনেট অচল
প্রযুক্তি ডেস্ক
Publish: Friday, 25 July, 2025, 1:15 PM

স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক’ এ বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এ অবস্থা প্রায় আড়াই ঘণ্টা দীর্ঘ হয়। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেছেন।

এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের জন্য নজিরবিহীন ঘটনা। এটি সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ হওয়া আপডেট, এমনকি সাইবার আক্রমণের ফলও হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন।

আল জাজিরা বলছে, ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করা আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাট শুরু হয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।

এদিকে নিকোলস দাবি করেন, স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময়ই একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ঘটনার মূল কারণ তদন্ত করে নিশ্চিত করব— এমন যেন আর না ঘটে।

অপরদিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।

২০২০ সাল থেকে স্পেসএক্স ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে একটি বিস্তৃত এবং ছড়িয়ে থাকা ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে প্রতিষ্ঠানটি।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //






Advertisement


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ