Advertisement
জায়ান্ট স্ক্রিনে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 31 December, 2025, 3:25 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর বিজয় সরণি এলাকায়। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। 


তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকার নানা মুহূর্ত বড় পর্দায় তুলে ধরে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই বিজয় সরণি সংলগ্ন এলাকা থেকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত একাধিক জায়ান্ট স্ক্রিনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। 


প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ, সংসদে দেওয়া ভাষণ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখানো হচ্ছে এসব ভিডিওতে।

জায়ান্ট স্ক্রিনের সামনে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। অনেকেই নীরবে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বেগম জিয়ার স্মৃতিচারণ দেখেন।


প্রবীণ বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রধান মুখ, যার নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছে।

এদিকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বড় স্ক্রিনের সামনে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও দলীয় কর্মীরা দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, জানাজার আগ মুহূর্ত পর্যন্ত বড় স্ক্রিনে স্মৃতিচারণমূলক ভিডিও চলবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষ শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীর রাজনৈতিক জীবন ও আদর্শ স্মরণ করতে পারেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ