Publish: Friday, 13 March, 2026, 2:40 PM
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি রীতির বাইরে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্মৃতিসৌধের মূল বেদিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় সংসদে স্পিকারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি রীতির বাইরে। অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদ এসেছেন। তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতেও কিছুটা সময় লাগবে। তবে তারা যা কিছু করেছেন সেটা তাদের অধিকারের মধ্যে রয়েছে। সংসদীয় রীতি-নীতির পরিপন্থি এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা প্রত্যাশা করি।
স্পিকার আরও বলেন, সংসদে সরকার ও বিরোধীদল মিলেই আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আমরা আশা করি, সেটি স্থাপন করতে আমরা সক্ষম হব। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংসদ সব কার্যক্রমে ভূমিকা রাখবে। দেশের সামাজিক নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সংসদ ভূমিকা রাখবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//