হোয়াটসঅ্যাপে ব্যবসায়িক বার্তার সংখ্যা বাড়তে থাকায় ব্যবহারকারীদের ব্যক্তিগত ইনবক্স গোছানো রাখতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা। ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামে এই ফিচারে ব্যাংক, এয়ারলাইন্সসহ বড় প্রতিষ্ঠানের বার্তা স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে সরিয়ে রাখা হবে।
মেটার ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত কনফারেন্স কলে প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, হোয়াটসঅ্যাপের পেইড মেসেজিং ও সাবস্ক্রিপশন সেবার কারণে অ্যাপটির আয় প্রথমবারের মতো এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক বার্তা বাড়তে থাকায় অনেক ব্যবহারকারীর ইনবক্সে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানেই নতুন ফিচারটি আনার উদ্যোগ নিয়েছে মেটা।
কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, বড় প্রতিষ্ঠানের পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে চলে যাবে। বর্তমানে ২৪ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন সময়সীমা পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করা যায়। যেসব ব্যবহারকারী ব্যবসায়িক বার্তা মূল ইনবক্সেই রাখতে চান, তারা এই ফিচার বন্ধ করতে পারবেন।
তবে বার্তা কতক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ফোল্ডারে যাবে, তা ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না।
মেটার ভাষ্য, ডিসকাউন্ট কুপন, ডেলিভারি আপডেট বা প্রচারণামূলক বার্তার মতো নোটিফিকেশন দ্রুত মূল ইনবক্স থেকে সরিয়ে নেওয়া হলে চ্যাট তালিকা আরও পরিচ্ছন্ন থাকবে। একই সঙ্গে প্রয়োজন হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এসব বার্তা সহজেই খুঁজে পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের নির্বাচিত কিছু অংশীদারের সঙ্গে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার চলছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে।
তবে আপাতত ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারী ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো এই সুবিধার আওতার বাইরে থাকবে। ভবিষ্যতে তাদের বাণিজ্যিক বার্তাও নতুন ফোল্ডারে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
নতুন ফিচারটি ইনবক্সের বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হলেও, ব্যবহারকারীদের হাতে বার্তা ফিল্টারিংয়ের আরও বেশি নিয়ন্ত্রণ না থাকলে এর কার্যকারিতা সীমিত থাকতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//