Publish: Sunday, 9 August, 2026, 10:56 AM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যানসার আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি তার হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ফলে সাবেক এই ডেমোক্রেটিক নেতা চরম ‘যন্ত্রণাদায়ক’ ও ‘শারীরিক ক্ষতির’ মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, এই ক্যানসার কেবল ছড়িয়েই পড়েনি, বরং তা শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে (হাড়সহ অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে)। ফলে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে।
বাবার এই অসুস্থতা পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, কষ্ট সহ্য করে নীরব থাকার প্রবণতার কারণে পরিস্থিতি মাঝেমধ্যে আরও কঠিন হয়ে পড়ে।
হোয়াইট হাউস ছাড়ার পর গত বছরের মে মাসে প্রকাশ্যে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিলেন জো বাইডেন। চার বছরের শাসনকালে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানামুখী সমালোচনার মুখে পড়তে হলেও বর্তমানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিয়মিত মতামত প্রকাশ করছেন। হান্টার জানান, দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তার বাবা এখনো জনসমক্ষে সক্রিয় থাকার চেষ্টা করছেন।
এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি নতুন স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই ডেমোক্রেটিক প্রেসিডেন্টের।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//