দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এই ১৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২৪ জন।
সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
কিন্তু বিদ্যালয়গুলো থেকে কেউই পাস করতে পারেনি।
এই ১৮ বিদ্যালয়ের মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন ও সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের ৫ জন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষায় অংশ নেয়।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//