Publish: Saturday, 15 August, 2026, 9:39 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে বিষাক্ত গ্যাস নিঃসরণে ৯ জনের মৃত্যুর পর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ও রিসাইক্লিংয়ের সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকমকে এমন সিদ্ধান্ত হওয়ার তথ্য দেন।
শনিবার রাতে তিনি বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে।”
গ্যাস নিঃসরণজনিত দুর্ঘটনায় প্রাণহানির পর শুক্রবার রাতেই বিএসআরবি এ সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে শিল্প সচিব আব্দুন নাসের খান ওই জাহাজে হাইড্রোজেন সালফাইড গ্যাস জমে থাকার কথা বলেন।
তিনি বলেন, “বিস্ফোরক অধিদপ্তরের যারা এখানে আছেন, তারা দেখেছেন—হাইড্রোজেন সালফাইড এখানে আছে। সেটা কীভাবে রিমুভ করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।”
এ ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা তুলে ধরে তিনি বলেন, কমটিতে বিশেষজ্ঞরা আছেন। সংগঠনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনও একটি কমিটি করেছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//