Publish: Sunday, 23 August, 2026, 2:25 PM
সরকারের বিনিয়োগসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে সরকার। এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে।
নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//