Advertisement
চলমান বিক্ষোভে দৈনিক ১২০ বিলিয়ন রুপির ক্ষতি: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 20 September, 2026, 8:22 PM

বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে নতুন করে রাজনৈতিক অস্থিরতা এবং কর্মসূচির ফলে পাকিস্তানে দৈনিক ১২০ বিলিয়ন (১২ হাজার কোটি) রুপি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। মধ্যপ্রাচ্যে চলা অস্থিরতার মধ্যে এমন কর্মসূচিকে ‘নিজে ডেকে আনা বিপদ’ হিসেবে উল্লেখ করেছেন। 

‘ডন’ ও ‘জিও নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলো যখন ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ ও পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি রয়েছে। 

আওরঙ্গজেব জানান, সরকার এবং পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক শাখা অতীতের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির প্রভাব পর্যালোচনা করেই প্রতিদিন ১২০ বিলিয়ন রুপির ক্ষতির এই হিসাবটি নির্ধারণ করেছে। মন্ত্রীর মতে, সেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে; এতে প্রতিদিন আনুমানিক ৮৬ বিলিয়ন রুপি ক্ষতির আশঙ্কা রয়েছে। এই খাতের মধ্যে আর্থিক পরিষেবা, যোগাযোগ, খুচরা ও পাইকারি ব্যবসা, পরিবহন এবং আতিথেয়তা (হসপিটালিটি) অন্তর্ভুক্ত। শিল্প খাতে আরও ২৫ বিলিয়ন রুপি ক্ষতি হতে পারে। 

এর মধ্যে নির্মাণকাজ, প্রস্তুতকৃত পণ্য, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়টি অন্তর্ভুক্ত এবং কৃষি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৯ বিলিয়ন রুপিতে। মন্ত্রীর ভাষ্য মতে, প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে সরকারি রাজস্ব আয়ে অতিরিক্ত ১৭ বিলিয়ন রুপি ক্ষতি হতে পারে। 

আওরঙ্গজেব বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার কারণে পণ্য পরিবহন ও বীমার খরচ বেড়ে গেছে এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি নতুন করে সংকটের সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভের ফলে সৃষ্ট পরিস্থিতি এই বাহ্যিক চাপগুলোর ওপর আরও একটি অভ্যন্তরীণ ধাক্কা হিসেবে যুক্ত হবে। 

অর্থমন্ত্রী পাকিস্তানের প্রযুক্তি খাতের ওপর সম্ভাব্য প্রভাবের কথাও তুলে ধরেন। তিনি জানান, জুলাই ও আগস্টে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের রপ্তানি ছিল ৮১১ মিলিয়ন ডলার, অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১৩ মিলিয়ন ডলার। তিনি উল্লেখ করেন, অতীতে আইন অমান্য আন্দোলন ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের কারণে আইটি রপ্তানি ৮০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

আওরঙ্গজেব বলেন, এর চূড়ান্ত মাশুল  শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরাদের গুনতে হবে। তিনি আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। তিনি যুক্তি দেন, কঠিন সব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পাকিস্তান সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে এবং এখন প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

পেট্রোলিয়ামের ওপর ধার্য লেভি বা কর প্রত্যাহারের দাবিতে জামায়াত-ই-ইসলামি ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করার প্রেক্ষাপটে তার এই সতর্কবার্তা এল। এদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে। পিটিআই-এর এই পরিকল্পিত পদযাত্রা মোকাবিলায় কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে; রাজধানীর প্রবেশপথগুলোতে শত শত কন্টেইনার বসানো হয়েছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ইমরান খানের বোন আটক
এরই মধ্যে রবিবার ইমরান খানের বোন আলিমা খানকে আটক করেছে কর্তৃপক্ষ। ‘মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অর্ডিন্যান্স’-এর আওতায় তাকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন লাহোরের ডেপুটি কমিশনার। ওই আদেশে পুলিশের প্রতিবেদনের উল্লেখ করা হয়, আলিমা ও অন্য একজন ব্যক্তি জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন এবং পরিকল্পিত বিক্ষোভের আগে কর্মীদের সংগঠিত করছেন। 


সরকার বিক্ষোভকারীদের দ্বারা ইসলামাবাদে বিশৃঙ্খলা সৃষ্টি রোধ করার অঙ্গীকার করেছে। অন্যদিকে, ইসলামাবাদ হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে, রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজধানীর কোনো সরকারি সড়ক, মহাসড়ক, ইন্টারচেঞ্জ, টোল প্লাজা বা ভবন দখল করার কোনো আইনি অধিকার নেই।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ