দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ি থেকে বের হওয়ার পাঁচ দিন পরও ব্যবসায়ী আলমগীর সিদ্দিকের সন্ধান মেলেনি। নিখোঁজ স্বামী ও বাবাকে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী, সন্তান ও স্বজনরা।
রবিবার ঘোড়াঘাটের ওসমানপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আলমগীর সিদ্দিকের ছেলে শোভন। এ সময় তাঁর স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শোভন জানান, গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাঁর বাবা আলমগীর সিদ্দিক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির নম্বর ৯৬৫।
সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন। ’ তাঁকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//