Publish: Monday, 5 October, 2026, 5:38 PM
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা পদক দিয়েছে সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
গুণী শিক্ষক সম্মাননা হিসেবে প্রতিজনকে দুই লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে চূড়ান্ত করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৬ জন রয়েছেন। তবে এ তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাদ যাবে বলে জানানো হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। দিবসটির মূল লক্ষ্য হলো শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদানকে স্মরণ করা এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করা।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০২ জন শিক্ষক এ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন (সাধারণ শিক্ষায় ৮ ও মাদ্রাসায় ২ জন), মাধ্যমিক পর্যায়ে ২০ জন (সাধারণ মাধ্যমিকে ১০, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন), কলেজ পর্যায়ে ২৫ জন (সাধারণ শিক্ষায় ১৫, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন) এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন (সরকারি বিশ্ববিদ্যালয়ে ১৮ ও বেসরকারিতে ২ জন) শিক্ষক রয়েছেন।
এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন (মেডিকেল কলেজে ৫ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ জন), কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন।
গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পৃথক সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরিতে সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//