দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো বশির মোহাম্মদ সড়ক চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা বশির মোহাম্মদ সড়ক দখলমুক্ত করে আধুনিক সড়কে রূপান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডা. শাহাদাত হোসেন, তা বাস্তবায়িত হয়েছে। ২০২৫ সালের ২২ অক্টোবর সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ফুটপাত নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে ৯ কোটি টাকার আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ দুটি প্রকল্প শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা বশির মোহাম্মদ সড়কটি উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি ছিল এলাকাবাসীর। সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ডা. শাহাদাত হোসেন এটি দখলমুক্ত করে উন্নয়নের উদ্যোগ নেন। ২০২৫ সালের ২২ অক্টোবর আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
সেদিন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আনন্দকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করে ডা. শাহাদাত হোসেন বলেছিলেন, "আমি ওয়াদা করেছিলাম মেয়র হলে এই সড়কটিকে দখল থেকে উদ্ধার করে উন্নত সড়ক করে দেব। মেয়র হিসেবে নয়, একজন নগরবাসী হিসেবে আজকের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারায় আমি পরম তৃপ্তি অনুভব করছি।"
একই অনুষ্ঠানে সড়কটিকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত রাখার পাশাপাশি মিডিয়ান, বাগান ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে আধুনিক ও নান্দনিক সড়কে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণার ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন করে এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বশির মোহাম্মদ সড়কের উন্নয়নে ব্যয় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, সড়ক উন্নয়ন ও বিটুমিনাস কার্পেটিং, মিডিয়ান নির্মাণ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, রোড মার্কিং এবং ক্যাটস আই স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধা বৃদ্ধির পাশাপাশি পানি নিষ্কাশন এবং সড়ক নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
উদ্বোধনকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, এই সড়কটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমি যখন এখানে এসেছিলাম, তখন মানুষের মধ্যে সড়কটি উন্মুক্ত হওয়ার যে আনন্দ দেখেছিলাম, তা আজও মনে আছে। সেদিন বলেছিলাম, শুধু রাস্তা খুলে দিলেই হবে না, এটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর সড়কে রূপান্তর করতে হবে। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, এটি একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, চিকিৎসা ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আগ্রাবাদের এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রয়েছে। সড়কটির উন্নয়নের ফলে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
সড়কটি দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, অনেক সময় দেখা যায়, বিপুল অর্থ ব্যয়ে সড়ক ও ফুটপাত নির্মাণের পর আবার সেগুলো দখল হয়ে যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এবং উন্নয়নের সুফল থেকে নগরবাসী বঞ্চিত হন। আমরা চাই না, এই সড়ক আবার দখল হয়ে যাক। এখানে কেউ অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করতে পারবে না। সড়ক ও ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা শুধু সড়ক কার্পেটিং করছি না। একই সঙ্গে ড্রেন, ফুটপাত, মিডিয়ান, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করছি। কারণ একটি আধুনিক নগরীতে সড়ক উন্নয়ন বলতে শুধু পিচঢালা রাস্তা বোঝায় না। সেখানে পথচারীদের নিরাপত্তা, পানি নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য এবং নগরীর সৌন্দর্যের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হয়।
একই দিনে ৯ কোটি টাকার আরও একটি সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন বশির মোহাম্মদ সড়কের পাশাপাশি শনিবার দক্ষিণ আগ্রাবাদ এলাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ফুটপাত নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের ৯ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
প্রকল্পটির আওতায় ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিচারপতি মোর্শেদ খান সড়ক, মা ও শিশু হাসপাতাল সংলগ্ন সড়কসমূহ, বিএসটিআই অফিস সংলগ্ন সড়ক, আমেরিকান চর্মরোগ হাসপাতাল সংলগ্ন সড়ক এবং ব্যাংক কলোনির সম্মুখস্থ সড়কসমূহের উন্নয়ন করা হয়েছে।
এসব সড়কের ড্রেন সংস্কার, নতুন ফুটপাত নির্মাণ, বিটুমিনাস কার্পেটিং, রোড মার্কিং, ফুটপাতে টাইলস স্থাপন, সসার ড্রেন ও কার্বস্টোন নির্মাণ, প্রোটেকশন ওয়াল নির্মাণ, রংকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার গাছ রোপণ এবং প্লান্টেশন বক্স নির্মাণ করা হয়েছে।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আগ্রাবাদ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এখানে হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়কগুলোতে রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা সড়ক, ফুটপাত ও ড্রেনের সমন্বিত উন্নয়ন করেছি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। এজন্য সড়ক উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের ওপর গুরুত্ব দিচ্ছি। এই প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার গাছ লাগানো হয়েছে। গাছগুলো বড় হলে সড়কের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নগরীর পরিবেশ উন্নয়নেও ভূমিকা রাখবে।
নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রশাসক বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনের সমস্যা রয়েছে। কোথাও সড়ক ভাঙা, কোথাও পানি নিষ্কাশনের ব্যবস্থা অপর্যাপ্ত, আবার কোথাও পথচারীদের জন্য ফুটপাত নেই। আমরা এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজন ও গুরুত্ব অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ চলছে।
তিনি আরও বলেন, সড়ক উন্নয়নের সঙ্গে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি সরাসরি সম্পর্কিত। তাই নতুন সড়ক নির্মাণ বা সংস্কারের সময় ড্রেনেজ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকলে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের দুর্ভোগ বাড়ে। আমরা চাই, উন্নয়নকাজগুলো যেন দীর্ঘস্থায়ী হয় এবং জনগণ যেন এর প্রকৃত সুফল পান।
উন্নয়নকাজের মান ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, জনগণের অর্থে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তাই প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে নির্মিত ড্রেন, ফুটপাত, সড়ক ও সৌন্দর্যবর্ধনের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
তিনি বলেন, নগরবাসীকেও এসব উন্নয়নকাজ সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে। ফুটপাত দখল করা, ড্রেনে ময়লা ফেলা কিংবা সড়কের সৌন্দর্যবর্ধনের অবকাঠামো নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। সিটি কর্পোরেশন অবকাঠামো নির্মাণ করবে, আর নগরবাসী সচেতনভাবে সেগুলো ব্যবহার ও সংরক্ষণ করবেন। তাহলেই একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকা বা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নগরীর ৪১টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে সড়ক, ড্রেন, ফুটপাত, খেলার মাঠ, পার্ক ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন করা হবে। আমরা এমন একটি চট্টগ্রাম গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন, শিশুরা খেলাধুলার সুযোগ পাবে এবং নগরবাসী একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আগ্রাবাদের বশির মোহাম্মদ সড়কসহ আজকের দুটি প্রকল্প উদ্বোধন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। নগরবাসীর সহযোগিতা নিয়ে আমরা চট্টগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//