Advertisement
ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 12 November, 2026, 10:40 PM

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই ওই বন্দুকধারী পাশের একটি ভবনের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এই হামলায় একজন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি জন হলম্যান জানান, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন ওই হামলাকারী একজন শ্বেতাঙ্গ পুরুষ এবং তাঁর পরনে ধূসর রঙের শার্ট ছিল।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩টা ২৮) লোগান সার্কেলের কাছে ১৫তম স্ট্রিট এনডব্লিউ এবং পি স্ট্রিটের সংযোগস্থলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তিনি ঘটনাস্থলের একটি ব্যায়ামাগারের ভেতরে এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন। গুলিবর্ষণের সময় জেমস স্পেলম্যান নামের ওই ব্যক্তি ব্যয়ামাগারের ভেতরেই ছিলেন। তিনি জানান, সে সময় সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

স্পেলম্যান বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তের বন্যা বয়ে যায়। ব্যয়ামাগারের এক সদস্য তাঁকে সাহায্য করতে ছুটে যান। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। তাঁর ঘাড়ে গুলি লেগেছিল।’

স্পেলম্যান জানান, তিনি এবং ব্যয়ামাগারের অন্যান্য সদস্যরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি ১৫তম স্ট্রিট এলাকায় আরও গুলির শব্দ শুনতে পান। তাঁর ভাষ্যমতে, ব্যয়ামাগারের ভেতরে প্রায় দুটি এবং বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে।

সকালের ব্যস্ততম সময়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে এই হামলার ঘটনাটি ঘটল।

ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ব্লকটি ঘিরে ফেলার পাশাপাশি পুলিশ স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে।

সূত্র : আলজাজিরা



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ