Advertisement
চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 19 November, 2026, 9:06 PM

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে। একজন চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী কিংবা সমাজের যে পেশাতেই থাকি না কেন, মানুষের কল্যাণে কাজ করতে না পারলে সেই অর্জনের প্রকৃত সার্থকতা নেই। তাই নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর হালিশহর মুনিরনগরে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত ‘নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, মাদক আজ সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, সন্তান বাবা-মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিয়ম মেনে দায়িত্ব পালন করতে হবে। শুধু নির্দেশনা দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ।

নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রোদে, বৃষ্টিতে ও ঘামে নগরী পরিষ্কার রাখার জন্য নিরলস পরিশ্রম করছেন। অথচ আমরা অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছি। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। চলার পথে কোথাও ময়লা দেখলে তা নির্দিষ্ট স্থানে ফেলার দায়িত্ব আমাদের সবার। ড্রেন বা খোলা স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয়, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়ায়। তাই পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ বছরের পুরোনো ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু নতুন ভবন নির্মাণ করাই যথেষ্ট নয়; নির্মাণকাজে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে ভবনটি ৫০ থেকে ৬০ বছর কিংবা তারও বেশি সময় টেকসই থাকে। কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের কারণে যেন উন্নয়নকাজের স্থায়িত্ব নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে। দুই বছর আগে দায়িত্ব গ্রহণের পর তিনি চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। ইতোমধ্যে ১১টি খেলার মাঠ তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রতিদিন শিক্ষার্থীদের জন্য অন্তত এক ঘণ্টা শারীরিক চর্চা ও খেলাধুলার সুযোগ রাখা প্রয়োজন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্কুল হেলথ কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ, কান-নাক-গলা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ৪০ থেকে ৫০টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

সবুজ নগর গড়ার পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। বাকি আট লাখ গাছ পর্যায়ক্রমে লাগানোর পরিকল্পনা রয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মিড আইল্যান্ড, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একটি বিশেষ উদ্যোগের প্রস্তাব দিয়ে বলেন, একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ লাগায় এবং স্নাতক শেষ করা পর্যন্ত সেই গাছের পরিচর্যা করে। গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে রাখলে শিক্ষাজীবন শেষে অন্যত্র চলে গেলেও একদিন সেই প্রতিষ্ঠানে ফিরে এসে নিজের লাগানো গাছটি দেখার একটি আবেগ ও ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। এতে যেমন বৃক্ষরোপণ বাড়বে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধও গড়ে উঠবে।

তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিচর্যার কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্লাব ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রশাসক আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭৮টি স্কুল, ২৮টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের নৈতিকতা, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, মা-বাবাকে সম্মান করতে হবে, শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। তাহলেই একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ মাজহারুল ইসলাম, কলেজের দাতা সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, বিদ্যোৎসাহী সদস্য জান-ই-আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ ছাত্রনেতা ওয়াহিদ ইমাম খান সারাত এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) শিপুল কুমার দে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ