শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাতে আশুলিয়ার নয়ারহাট, টংগাবাড়ী ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাক জেলার আশুলিয়া থানার চাকলগ্রাম এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (৪৫), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার কুরসি এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তালেব ইসলাম শুভ (২৮), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ছুড়িহারা এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ হজরত আলী (৩৫), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সারুটিয়া এলাকার মোঃ মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং কুড়িগ্রাম সদর থানার জুনকার চর এলাকার মোঃ গুলজার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।
প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজের চায়ের দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করা হয়।
পরবর্তীতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসআই আব্দুল হাই ও তাঁর সঙ্গীয় সদস্যরা নাভানা সিএনজি পাম্পের সামনে পাকা সড়ক থেকে ৫৩ পিস ইয়াবাসহ হজরত আলী, পারভেজ হোসেন ও আবুল কালাম আজাদকে আটক করে। এছাড়াও জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ইস্টার্ন হাউজিংয়ের ছয়তলা এলাকার একটি গোডাউনের সামনে থেকে ১৩০ গ্রাম গাঁজাসহ তালেব ইসলাম শুভকে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শিল্পাঞ্চল আশুলিয়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তবে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের মূল উৎস, সরবরাহকারী ও অর্থের লেনদেনের পথ শনাক্ত করা গেলে এই অঞ্চলে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//