টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি দল। মোহাম্মদ রুবেলের ঘূর্ণি জাদুতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ এইচপি।
সোমবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ১৩১ রানের বেশি করতে পারেনি ভিক্টোরিয়া। জবাবে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্পিনার মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে তুলে নিয়েছেন ৪ উইকেট। টুর্নামেন্টে এটি তার টানা তৃতীয় দারুণ বোলিং পারফরম্যান্স।
আগের দুই ম্যাচে ৭ উইকেট নেওয়া রুবেলের মোট শিকার এখন ১১টি।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়াকে শুরু থেকেই চাপে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই কেলাওয়ে কেম্পবেলকে বোল্ড করেন রুবেল। পরের ওভারে একই ধরনের ভেতরে ঢোকা বলে লিয়াম ব্ল্যাকফোর্ডকেও বোল্ড করে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান এই রহস্য স্পিনার।
এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। মাত্র ৪০ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। চার নম্বরে নেমে উইল সাদারল্যান্ড প্রতিরোধের চেষ্টা করলেও ২৫ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। নিজের পরের স্পেলে ফিরে হ্যারি হোয়েস্ত্রা ও অস্টিন আনলেজার্ককেও বোল্ড করেন রুবেল।
অন্যদিকে এক প্রান্তে লড়াই চালিয়ে যান অধিনায়ক স্যাম হার্পার। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৩১ রানে থামে ভিক্টোরিয়ার ইনিংস।
রুবেলের ৪ উইকেটের সঙ্গে রকিবুল হাসান নেন ৩টি উইকেট। ১৩২ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটাও ছিল কঠিন। মাত্র ৩৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। হাবিবুর রহমান সোহান ০, আরিফুল ইসলাম ১৫, জিসান আলম ১১ ও সাব্বির রহমান ৫ রান করে ফেরেন।
সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম হোসেন ও ইরফান শুক্কুর। পঞ্চম উইকেটে মাত্র ৫১ বলে ৮৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান তারা। ইরফান ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে দলকে জয়ের কাছাকাছি রেখে বিদায় নেন। এরপর ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন শামীম। ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার।
টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া বাংলাদেশ এইচপি মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//