টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশসহ বিশ্বের অনেক মানুষই চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও এ অঞ্চলের ঐতিহ্যের অংশ।
এই পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি সবার দায়িত্ব।
তিনি বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ও অর্জন মানুষের মাঝে তুলে ধরতেই এ আয়োজন। ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে ঐতিহাসিক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চান তারা। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মিষ্টি উৎসবের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের পণ্য মানুষের কাছে তুলে ধরা এবং সারাদেশের মানুষের কাছে স্থানীয় ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, নির্বাচনের আগে গোপালপুরের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, চমচম ও আনারস নিয়ে কথা বলেছিলেন। টাঙ্গাইলের চমচম কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, চমচম শিল্পের প্রসার ঘটাতে পারলে একদিকে দেশের রপ্তানি আয় বাড়বে, অন্যদিকে এ শিল্পে মানুষের আগ্রহ ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে প্রান্তিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
টাঙ্গাইলের তাঁতশিল্পের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলের শাড়ির বিদেশে ব্যাপক কদর রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে তাঁতিদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে। প্রান্তিক পর্যায়ে যারা শাড়ি তৈরি করেন, তাদের স্বল্প সুদে আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//