রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সজীব (২২) ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সজীব মিরপুর ১০ নম্বর বেনারসি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতেন।
দুই ভাইয়ে মধ্যে তিনি বড়। সজীব এক ছেলের জনক ছিলেন।
নিহতের মামাতো বোন শারমিন জানান, গত ৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পল্লবীর কাইল্লার বস্তি এলাকায় কয়েকজন ছিনতাইকারী সজীবের পিঠে ও বুকে ছুরিকাঘাতে করে মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্বজনরা সজীবকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় নিয়ে যান। পরবর্তী সময়ে তার অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহমেদ স্বাধীন জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জুয়েল ও জয় নামে দুইজনকে আটক করা হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//