Publish: Wednesday, 30 September, 2026, 10:03 PM
ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে চট্টগ্রামে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ১ অক্টোবর থেকে শুরু হয়ে অক্টোবরজুড়ে এসব কর্মসূচি চলবে।
বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির উদ্বোধনী দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হবে। এতে চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সদস্য, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
কর্মসূচির আওতায় অক্টোবর মাসের প্রতি রোববার, মঙ্গলবার ও বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিএসসিআর-এ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন সেবা দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআর-এর দ্বিতীয় তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। হটলাইন নম্বর ০৯৬১৯৬৫৬৫৬৫।
এ ছাড়া নিবন্ধিত রোগীদের স্ক্রিনিং, ম্যামোগ্রাফি ও হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে টিউমার বোর্ডের পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ১০ জন রোগীর চিকিৎসাও সিএসসিআর হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে তিনটি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দলের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। এসব সেবাগ্রহীতাও ম্যামোগ্রাফি, হিস্টোপ্যাথলজি পরীক্ষা ও টিউমার বোর্ডের পরামর্শের সুবিধা পাবেন।
এ ছাড়া ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নগরীতে লিফলেট বিতরণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সিএসসিআর-এর নিয়মিত প্রকাশনা ‘সিএসসিআর কার্নেট’-এর বিশেষ ‘পিংক অক্টোবর’ সংখ্যাও প্রকাশ করা হবে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//