Publish: Tuesday, 6 October, 2026, 5:22 PM
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) আলহাজ হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাবেক মেয়রের নিজ বাসভবনের মিলনায়তনে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ মহান আল্লাহর সৃষ্টি।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসব, যাতে তারা আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে পারেন এবং উৎসবের দিনে নতুন পোশাক পরতে পারেন, সে লক্ষ্যেই তাদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, আকবর শাহ থানা বিএনপির সহসভাপতি আইয়ুব খান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম ও শফিকুল আলম, সনাতন ধর্মীয় নেতা ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, ইঞ্জিনিয়ার কৃষ্ণ আচার্য, সবিতা বিশ্বাস, সুভাষচন্দ্র দে, আশিস দাস, রবি শংকর, দিলীপ দত্ত, বেবি নন্দী, দীপ্তি রক্ষিত ও রতন দাসসহ অনেকে বক্তব্য দেন।
পরে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//