Advertisement
এইচএসসিতে পুনঃপরীক্ষার আবেদন কবে, সিদ্ধান্ত বুধবারের মধ্যে
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 2 November, 2026, 8:41 PM

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার আবেদন বিষয়ে ৪ নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার সন্ধ্যায় এ তথ্য দিয়ে বলেন, ‘এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার একটি বোর্ড মিটিং করা হবে। মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় তবে বুধবার এ নিয়ে একটি নোটিস জারি করা হবে। ’

পুনঃপরীক্ষা এবং ফলাফল প্রকাশ আগামী ২ ডিসেম্বর থেকে শুরু করে ওই মাসের ৩১ তারিখের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘মোট অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জনের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। ’

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। 
তাদের মোট সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। 
এদিকে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে শুরু হয়েছে; আগামী ৭ নভেম্বর পর্যন্ত তা করা যাবে। 

এই দুই দিনে কতজন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন সে সম্পর্কে তোন তথ্য দিতে পারেননি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে কয়েকদিনের মধ্যে একীভূত তথ্য হালনাগাদ করে জানানো হবে বলেছেন তিনি। 

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে। পরবর্তী ধাপে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। 

মোবাইল নম্বর দেওয়ার পর পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। 

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দুইপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, রকেট, উপায়, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরে উল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। 

ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ