স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। একই সঙ্গে হৃদযন্ত্রের অপর একটি ব্লকের চিকিৎসা ডাইলেশন পদ্ধতিতে করা হয়েছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন।
এরপর অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়।
এনজিওগ্রামের পরীক্ষায় মন্ত্রীর হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ব্লকগুলোর চিকিৎসার জন্য এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে হৃদযন্ত্রের দুটি ব্লকে সফলভাবে স্টেন্ট বসানো হয়। বাকি একটি ব্লকের চিকিৎসা ডাইলেশন বা বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতিতে করা হয়েছে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
এদিকে, চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//