Advertisement
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 17 November, 2026, 8:52 AM

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন।

প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।

ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ