Publish: Friday, 20 November, 2026, 3:45 PM
বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেছেন, একটি দেশের সংস্কৃতিই বহন একটি রাষ্ট্রের পরিচয়। আমাদের সমৃদ্ধ বহুমাত্রিক বাংলা গান নাটক উৎসব পালাপার্বন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। আমার সভ্যতা আমার রাজনীতি আমার সামাজিক আচরণ হবে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়। আর সংগীত ও সংস্কৃতির চর্চা করতে হয় মানুষকে লালন করার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে অস্থিতিশীল পরিবেশ সে ধারাবাহিকতার ছন্দ পতন ঘটিয়েছে। একটি সাংস্কৃতিক জাগরণের মধ্যদিয়ে মানুষের মাঝে মানবিক মূলবোধ ফিরিয়ে আনতে হবে। সারা দেশে এই চর্চাকে ছড়িয়ে দিতে হবে। তিনি গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত হেমন্ত উৎসবে এসব কথা বলেন।
বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব কাজী আসাদের সভাপতিত্বে ও সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, লেখক-গবেষক ও মুক্তচিন্তক আবুল কাসেম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক ও অভিনেতা হেলাল খান, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্যনির্দেশক ও পরিষদের সদস্য সচিব নূর হোসেন রানা। অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে হেমন্ত উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। শ্রীলঙ্কার একটি ইয়ুথ কালচারাল টিম অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অতিথিদের মনোমুগ্ধকর আলোচনা শেষে হেমন্তের আবহ ও ঋতুবৈচিত্র্যকে উপজীব্য করে পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনা সংগীত, নৃত্য, আবৃত্তি, গম্ভীরা ও নাটক। এতে বাদক দল ও যন্ত্রশিল্পীদের সঙ্গতে মুখরিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণ। সাংস্কৃতিক পরিবেশনা অংশ নেয় নজরুল চর্চা কেন্দ্র ‘বাশরী’, জেনেসিস থিয়েটার, ঢাকাবাসী, নজরুল শিশু নাট্যম, ঝিনুক শিশুকিশোর সংগঠন, অন্তরঙ্গ শিশু সংগঠন, সারেঙ সাহিত্য কেন্দ্র, দেশ নাট্যদল, শিশু মঞ্চ প্রভৃতি সংগঠন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//