Advertisement
রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 20 November, 2026, 1:01 PM Update: 20.11.2026 1:10 PM

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।”


বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ের পরদিনই শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে গিয়ে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে পৌঁছান তিনি। তবে সকাল ৮টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। কানায় কানায় পূর্ণ খেলার মাঠে খলিলুর পৌঁছানোর পর হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানায় রোহিঙ্গারা।

পরে রোহিঙ্গাদের সালাম জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগেও তিনি বহুবার শিবিরে এসেছেন। তবে এবারের আসা বিশেষ একটি সময়ে, একটি ঐতিহাসিক মুহূর্তে।

তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির দীর্ঘ লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে আইসিজের রায়ের মধ্য দিয়ে। এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা।

বিশ্বের মানুষের কাছে বার্তাটি পৌঁছে দিতে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের মূল অংশ ইংরেজিতে দেন তিনি। বক্তব্যে তিনি ন্যায়বিচার, দায়বদ্ধতা ও নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশার কথা তুলে ধরেন।

বক্তব্যে খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা দিতে হবে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেন তিনি। তার বক্তব্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি পরিবারগুলোর পুনর্মিলন এবং রোহিঙ্গাদের হারানো ঘরবাড়ি ও সম্পত্তির অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে।

তিনি বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে নিজেদের দেশে ফিরতে পারেন। তাদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না।

খলিলুর আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে নিরাপত্তা খাতের সংস্কার এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকা এবং আন্তর্জাতিক আইন ও গণহত্যা সনদের বাধ্যবাধকতা গুরুত্বপূর্ণ। তবে রোহিঙ্গারা অসহায় নন; ব্যক্তি, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় তাদের ন্যায়বিচারের লড়াই এগিয়ে নেওয়া সম্ভব।


রোহিঙ্গাদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ বার্তা পাঠ করেন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক।

বার্তায় গুতেরেস আইসিজের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য একটি শক্তিশালী স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতিফলন এবং ভয়াবহ অপরাধের দায়মুক্তি চলতে পারে না, সেই নীতির পুনর্নিশ্চিতকরণ।

২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত দমন-পীড়নের সময় রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের বিষয়গুলো আদালতের রায়ে উঠে এসেছে বলে বার্তায় উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

বার্তায় আরও বলা হয়, এই মামলায় আদালত ১০ হাজারের বেশি মানুষকে হত্যা, ধর্ষণ এবং চরম দুর্ভোগের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং গণহত্যা সনদের বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়নে মিয়ানমারের ব্যর্থতার বিষয়টিও চিহ্নিত করেছেন।

বার্তায় গুতেরেস বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং এটি মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। রায় অনুসারে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা এবং রোহিঙ্গাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

জাতিসংঘ মহাসচিবের বার্তায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

গুতেরেস বলেন, মিয়ানমারে দায়মুক্তির সংস্কৃতির অবসান এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জাতীয় পুনর্মিলন ও স্থায়ী শান্তির জন্য অপরিহার্য। রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধানে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

সংকটের দশম বছরে পা

রোহিঙ্গা সংকটের দশম বছরে পদার্পণের প্রাক্কালে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘ।

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো কাজ চালিয়ে যাবে। বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ মিয়ানমারেই তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির উদ্যোগের পাশাপাশি মানবিক সহায়তা, ন্যায়বিচার এবং দীর্ঘমেয়াদি সমাধানের প্রচেষ্টা একসঙ্গে এগিয়ে নিতে হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রায় নয় বছর আগে বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিতে জাতিসংঘের অঙ্গীকার অবিচল থাকবে।

আইসিজের রায়ের পরদিন রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ ও বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের এই উপস্থিতি রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচার ও নিজ দেশে ফেরার প্রত্যাশাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে আদালতের রায় বাস্তবায়ন এবং সেই রায়কে বাস্তবে নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ