রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন সংকটের চাপ সামাল দিতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমিতে একটি পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানীর উপকণ্ঠে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নতুন জনবসতি গড়ে তুলে ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কমানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর বাইরে বসবাসের জন্য তৈরি হবে নতুন একটি বিকল্প নগরকেন্দ্র। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত শহরটি কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এতে রাজধানীর সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের পাশাপাশি আবাসন, নাগরিক সুযোগ-সুবিধা ও অন্যান্য অবকাঠামো সমন্বিতভাবে গড়ে তোলা হবে। এর ফলে ঢাকার আশপাশে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিত বসতি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জের কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রস্তাবিত সেকেন্ডারি সিটির জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
তিনি জানান, নতুন শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশপথ রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ অবকাঠামোর সমন্বিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী বিকল্প নগরকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
প্রকল্পটি এখনও প্রাথমিক পরিকল্পনা পর্যায়ে রয়েছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের পর এর বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হবে। কতটি আবাসন ইউনিট তৈরি হবে, নির্মাণে কত ব্যয় হবে এবং কত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব- এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসন সংকট মোকাবিলায় ঢাকার আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//