পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে পারভেজ বাবুলকে এই পদক দেওয়া হয়।
পরিবেশ ও নারীর অধিকারে দীর্ঘদিনের কাজ:
পারভেজ বাবুল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি এবং পরিবেশ ও নারী উন্নয়নকর্মী। পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে তিনি নিয়মিত লেখালেখি করে আসছেন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও একাডেমিক স্বীকৃতি:
ইংরেজি ভাষায় The Daily Star, Daily Observer, Times of Bangladesh ও Financial Express-সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমে তার তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া আমেরিকার কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তার একটি লেখা অন্তর্ভুক্ত রয়েছে—
“Women, Climate Change and Food Security in Bangladesh”।
প্রকাশনা ও আন্তর্জাতিক অংশগ্রহণ:
পারভেজ বাবুলের প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১১টি। তিনি ২০১৬ সালে মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘের UNFCCC আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP-22-এ অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপের আওতায় তিনি বিভিন্ন দেশ সফর করে পরিবেশ ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি দীর্ঘ সময় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এর আগেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্যসাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//