Publish: Tuesday, 8 September, 2026, 4:01 PM
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং পরবর্তীতে তা ২ ডলারের নিচেও নামতে পারে।
তেহরান ও ওয়াশিংটনের সংঘাতের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম চরম মাত্রায় বেড়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের আশ্বস্ত করার পাশাপাশি ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
এদিকে সংঘাত ও উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে। মধ্যপ্রাচ্যের এই কৌশলগত প্রণালি দিয়ে গত এক সপ্তাহে জাহাজ চলাচল প্রায় ২৮ শতাংশ হ্রাস পেয়েছে। তথ্য অনুযায়ী, বিগত সপ্তাহে এই নৌপথ দিয়ে মাত্র ৭৭টি জাহাজ চলাচল করতে পেরেছে।
হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ বজায় থাকার প্রেক্ষাপটে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, মার্কিন রণতরী ও জাহাজকে লক্ষ্যবস্তু করার পূর্ণ সক্ষমতা তেহরানের রয়েছে।
জ্বালানি সরবরাহ ব্যবস্থার এমন অচলাবস্থায় চরম উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালির এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের শিল্প বিপর্যয়ের মুখে পড়বে। ফলে উদ্ভূত পরিস্থিতি এড়াতে প্রণালিটি দ্রুত পুনর্নিরাপদ ও উন্মুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছে কাতার।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//