গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাজাদী বেগম (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এটি পরিকল্পিত হত্যা বলে থানায় অভিযোগ করা হয়েছে। নিহত শাহাজাদী বেগম উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা (জাদুর বাজার) এলাকার শাহিন মিয়ার মেয়ে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
এর আগে শনিবার রাতে মেয়েকে হত্যার করা হয়েছে বলে থানায় অভিযোগ করেন নিহতের বাবা শাহিন মিয়া।
অভিযোগে বলা হয়, বছর দুইয়েক আগে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর এলাকার মেহেরাজ মিয়ার (২৫) সঙ্গে শাহাজাদী বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর ও মানসিকভাবে নির্যাতন করতেন। শাহাজাদী সংসার টিকিয়ে রাখার জন্য এসব নির্যাতন মুখ বুজে সহ্য করে আসছিলেন।
এরই মধ্যে শাহাজাদী সাত মাসের অন্তঃসত্ত্বা হন।
একপর্যায়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে শাহাজাদী তার বাবাকে ফোন করে কান্নারত অবস্থায় জানান, তিনি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছেন, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে যেতে দিচ্ছে না, এই বলে ফোন কেটে দেন। এরপর বিকেল পৌনে ৫টার দিকে তার স্বামী মেহেরাজ ফোন করে শাহিন মিয়াকে জানায় শাহাজাদী কথা বলতেছে না, অসুস্থ হয়ে পড়েছেন, তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়া হচ্ছে।
খবর পেয়ে শাহিন মিয়া পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান, শাহাজাদীকে চাদরে মোড়ানো অবস্থায় জরুরি বিভাগের মেঝেতে রাখা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে না জানিয়ে নিহতের মরদেহ শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহতের বাবা শাহিন মিয়া বলেন, মেয়ের অনাকাঙ্কিত মৃত্যু তার সন্দেহ হচ্ছে। মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরস্পর যোগসাজশে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তিনি বলেন, মেয়ে আমার ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//