Publish: Saturday, 21 November, 2026, 2:37 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্মানী এবং সংবর্ধনা পেলেন, আমি মনে করি এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক—যারা এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে তা অর্জন করা হয়ে ওঠে না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য, অসাধারণ।
তিনি আরও বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সব মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা।
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দোলিত করে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।
বিএনপি সরকারে থাকাকালীন সবসময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা উন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//