মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনি প্রক্রিয়ায় নতুন মজুরি নির্ধারণের কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে দলটি পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেড’ কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান কারখানার সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো, পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যা, জীবনযাত্রার ব্যয়, প্রত্যাশা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার খোঁজখবর নেন।
পাশাপাশি তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে মালিকপক্ষের সুবিধা-অসুবিধা এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কারখানা থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আজাদ সুবহানী। তিনি বলেন, এটি একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা সরেজমিন তথ্য সংগ্রহ কার্যক্রম। নিয়মিত দাপ্তরিক কাজ ও সভার ফাঁকে আইন অনুযায়ী সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে কারখানাগুলো পরিদর্শন করছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকদের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই এবং এমন কিছু ঘটেওনি, কারণ আমাদের বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন। আর মালিকপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি-না, তা বলার সময় এখনো আসেনি। আশা করছি আগামী ২৩ তারিখ তারা তাদের প্রস্তাবনা জমা দেবেন।
মজুরি নির্ধারণে কোনো ধরনের চাপ অনুভব করছেন কি-না জানতে চাইলে আজাদ সুবহানী বলেন, তিনি কোনো দিক থেকেই চাপ অনুভব করছেন না।
তিনি বলেন, আমি কাউকে বাধ্য করতে পারছি না, তবে কেউ যদি প্রস্তাব নাও দেন, তবুও আমরা আইনানুগ প্রক্রিয়ায় চলব। আইনত আমার যেসব মেকানিজম, ইন্ডিকেটর এবং ইনডেক্স রয়েছে, সেগুলো অনুসরণ করেই আমি কাজ করব।
তবে নিয়মিত কাজের বাইরে সরেজমিন এসব কারখানা পরিদর্শনের কারণে ব্যক্তিগতভাবে কিছুটা অতিরিক্ত কাজের চাপ নিচ্ছেন বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
এ সময় মজুরি বোর্ডের অন্যান্য কর্মকর্তা এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//