Advertisement
আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 22 November, 2026, 2:28 PM

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। পাশাপাশি ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে বড় শিল্পের পাশাপাশি এসএমই খাতকে জাতীয় উৎপাদনব্যবস্থা ও দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেন তিনি। এ সময় বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সরকারপ্রধান।

এসএমই খাতের বিকাশে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি ‘জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে, যেগুলোকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি। পাশাপাশি সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের কথা তুলে ধরে সহজ লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন।

মূলধন, প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাব এবং ঋণপ্রাপ্তির জটিলতাকে এসএমই খাতের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে এসব সমস্যা দূর করা হবে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ