Publish: Monday, 26 January, 2026, 3:16 PM
নারীদের মধ্যে বহুল প্রচলিত জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে The New School Dhaka-তে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত স্কুল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ক্যান্সার প্রতিরোধ, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় নারীদের স্বাস্থ্য বিষয়ক সামাজিক সংকোচ ভেঙে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্কুল অডিটোরিয়ামে (৪র্থ তলা) একটি ইন্টারঅ্যাকটিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হাসিনা আখতার, FCPS, MRCOG (UK), EBCOG (EU), সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি জরায়ু ও স্তন ক্যান্সারের কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।
ডা. হাসিনা আখতার বলেন, জরায়ু ক্যান্সার মূলত প্রতিরোধযোগ্য এবং এ ক্ষেত্রে এইচপিভি টিকাদান ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তিনি আরও জানান, বাংলাদেশে দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণে প্রতিদিন অনেক নারী জরায়ু ক্যান্সারে মৃত্যুবরণ করছেন, যা সচেতনতা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তা নির্দেশ করে।
স্তন ক্যান্সার বিষয়ে আলোচনায় তিনি ২০ বছরের ঊর্ধ্বে নারীদের নিয়মিত স্তন স্ব-পরীক্ষা এবং ৪০ বছরের বেশি বয়সী নারীদের প্রতি বছর স্ক্রিনিং করার পরামর্শ দেন।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং টিকাদান ও স্ক্রিনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মসূচির শেষে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসূচিটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//