Publish: Wednesday, 18 February, 2026, 10:36 PM
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল (রেজি. ২৩০৭) তাদের সংগঠনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নামসর্বস্ব কয়েকটি অনলাইন ও ইউটিউব চ্যানেলের প্রতিনিধিরা সাংবাদিক পরিচয়ে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অপ্রাসঙ্গিক ও পূর্বে মীমাংসিত বিষয় নিয়ে কথাকাটাকাটিতে জড়ান। তাদের আচরণ ছিল ‘অসাংবাদিকসুলভ’।
বিবৃতিতে বলা হয়, ওই দিন সংগঠনের নামে চট্টগ্রাম ওয়াসার একটি কক্ষ দখলের যে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ২০০৪ সাল থেকে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট কক্ষটি সংগঠনের নামে বরাদ্দ রয়েছে বলে দাবি করা হয়।
নেতৃবৃন্দের ভাষ্য, কর্তৃপক্ষের কাছ থেকে কক্ষটি বুঝে নিতে গেলে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। নেতৃবৃন্দর অভিযোগ, চট্টগ্রাম ওয়াসায় আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক সংগঠনের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত ও কিছু কর্মকর্তা ষড়যন্ত্রমূলকভাবে সংগঠনকে হেয় করার চেষ্টা করছেন।
বিবৃতিতে ‘হলুদ সাংবাদিকতা’ ও ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নামসর্বস্ব অনলাইন সাংবাদিকদের কার্যক্রম নজরদারির জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//