Publish: Friday, 6 March, 2026, 1:35 PM
নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করলেও উত্তর কোরিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে হেরে তারা। তবে এই হারকে অসম্মানজনক বলে মনে করছেন না কোচ বাটলার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাটলার বলেন, আমরা আজ একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। যা আমাদের জন্য প্রকৃত শিক্ষণীয়। আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং ৫-০, ৬-০, ৭-০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়।
বাংলাদেশের র্যাংকিং ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯। এমন দলের বিপক্ষেও বাংলাদেশ প্রথম ৪৫ মিনিট উত্তর কোরিয়াকে রুখেছিল। এরপরও শেষ পর্যন্ত স্কোরলাইন ০-৫।
এটা খানিকটা হতাশার কিনা প্রশ্নে বাটলারের উত্তর, আমি দুঃখিত বা হতাশ নই মোটেও। আপনি কি প্রতিপক্ষ বিবেচনা করেছেন যাদের সঙ্গে ৩০-৪০ মিনিটেও ৪ গোল হয়ে যেতে পারতো। চীন এবং উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেললে আপনি গোল খাবেন-ই।
বাংলাদেশ দুই ম্যাচে ৭ গোল হজম করেছে। সাত গোলের মধ্যে ছয় গোলই হয়েছে পরপর দুই মিনিটের মধ্যে ব্যবধান। চীন ৪৩-৪৪ মিনিটে, আজ উত্তর কোরিয়া প্রথমার্ধের ইনজুরি সময়ে টানা দুটি, এরপর ৬৩-৬৫ মিনিটে দুই গোল করে।
খুব দ্রুত গোল হজমের বিষয়ে বাটলার বলেন, মনোযোগের অভাব একটা কারণ হতে পারে। আবার আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি উত্তর কোরিয়া, চীনের সঙ্গে খেলছেন। তারা কেবল ভালো ফুটবলারই নয়, উঁচু মানের অ্যাথলেটও। আমরা ভুল করবই এবং যাত্রাপথে শিখব।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//