চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সুলতান কলোনি এলাকায় কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি অবৈধ মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগর শাখার অফিসার ফরহানুল ইসলামসহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা ও সিএমপির একটি টিম।
অভিযানে কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেডে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে ভেজাল মার্জারিন উৎপাদনসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারানুযায়ী চার লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগর শাখার অফিসার ফরহানুল ইসলাম বলেন, নানা অনিয়মের কারণে কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//