Publish: Tuesday, 18 August, 2026, 1:46 PM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চুক্তির খসড়া ও শর্ত জনসম্মুখে প্রকাশ এবং সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, তারা বিদেশি বিনিয়োগের বিরোধী নন; তবে উন্মুক্ত দরপত্র ছাড়া দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা হস্তান্তরের পক্ষে নন। বরং সক্ষম দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।
পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই বন্দরের কোনো টার্মিনাল দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এনসিটি ও সিসিটিসহ কোনো টার্মিনাল বিদেশি হাতে তুলে দেওয়া উচিত নয়। জনগণের অর্থে গড়ে ওঠা এবং বর্তমানে লাভজনক জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কোনো বিনিয়োগ নয়; বরং এটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়ে পেশাজীবী নেতৃবৃন্দ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে এনসিটি-সিসিটি ইজারার প্রস্তাবিত চুক্তির খসড়া ও শর্ত জনগণের সামনে প্রকাশ এবং সংসদে উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//