সঠিক, সমাধানমুখী ও প্রভাবশালী সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে তিন দিনব্যাপী গঠনমূলক সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভয়েস (Voices for Interactive Choice and Empowerment) ও ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) যৌথভাবে গত ২১ থেকে ২৩ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন সংবাদমাধ্যমের ১৫ জন প্রতিনিধি অংশ নেন। তিন দিনের এই কর্মসূচিতে গঠনমূলক সাংবাদিকতার মূলনীতি, ব্যবহারিক রিপোর্টিং কৌশল এবং সংবাদকে আরও তথ্যনির্ভর, প্রাসঙ্গিক ও প্রভাবশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অনুশীলন করা হয়।
প্রশিক্ষণে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, সমস্যা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধান অনুসন্ধান, সামাজিক চ্যালেঞ্জের কার্যকর উদ্যোগ ও ইতিবাচক পরিবর্তনকে সংবাদে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের পাঠক ও দর্শকদের চাহিদা বিবেচনায় নিয়ে লক্ষ্যভিত্তিক সংবাদ প্রতিবেদন তৈরির কৌশলও শেখানো হয়।
আইএমএস-এর প্রশিক্ষকেরা গঠনমূলক সাংবাদিকতার ধারণা, মূলনীতি ও পরিধি তুলে ধরে বলেন, গঠনমূলক সাংবাদিকতা কেবল সমস্যা চিহ্নিত করে থেমে থাকে না; বরং সাংবাদিকদের সমাধান অনুসন্ধান, গঠনমূলক সংলাপ তৈরি এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করে।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বাস্তব জীবনের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধান ও ইতিবাচক পরিবর্তনের দিকগুলোও প্রকাশ করা উচিত। সঠিক মাধ্যম নির্বাচন করে সাংবাদিকরা তাদের প্রতিবেদনকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলতে পারবেন।”
আইএমএস-এর প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন বলেন, “গঠনমূলক সাংবাদিকতার ধারণা নতুন নয়, তবে বাংলাদেশে এখনও এর ব্যাপক চর্চা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ সংবাদমাধ্যমগুলোকে এই পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে এবং গ্রহণ করতে সহায়তা করবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন রিপোর্টিং পদ্ধতি ও কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি গঠনমূলক সাংবাদিকতার তিনটি মূল স্তম্ভ প্রয়োগের দক্ষতা অর্জন করেন। সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য লক্ষ্যভিত্তিক সংবাদ প্রস্তুত এবং পাঠক-দর্শকের প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন তৈরির বিষয়েও তাদের সচেতন করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ সংবাদমাধ্যমে গঠনমূলক সাংবাদিকতার নীতিগুলো প্রয়োগ করে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও সমাধানমুখী প্রতিবেদন তৈরি করবেন। এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক সামাজিক পরিবর্তন ও জনমত গঠনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখবে।
ভয়েস একটি অধিকারভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা। মানবাধিকার, তথ্যের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্থাটি গবেষণা ও নীতি-অ্যাডভোকেসির মাধ্যমে কাজ করে যাচ্ছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//