পেশাগত নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলা করে কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, “অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ নানা বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।”
বিএনএসকের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা সাংবাদিকতা পেশায় নারীদের অংশগ্রহণ, বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন।
উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ (ডাব্লিউজেএনবি)-এর সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার বা ডাটাবেজ তৈরির আহ্বান জানান তিনি।
ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, “সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।”
সভায় বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান।
সভায় বিএনএসকের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথসহ সংগঠনের অন্যান্য সদস্য বক্তব্য রাখেন।
এ সময় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনএসকে সভাপতি। শোক প্রস্তাবে নারী আন্দোলনে তার গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা অংশ নেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//