পৃথক ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা হলেন- হাজতি আবুল বাশার (৫৮), কয়েদি শাহদাত হোসেন লিটন (৪৮) এবং হাজতি আবদুল কাউয়ুম (৬২)।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী শহিদসহ কয়েকজন সকাল ৭টা ২৫ মিনিটে হাজতি আবুল বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল বাশার নারী ও শিশু নির্যাতন মামলায় বন্দী ছিলেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে।
অন্যদিকে, সকাল ৮টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত বন্দী শাহদাত হোসেন লিটন (৪৮)।
অসুস্থ অবস্থায় গত ২৮ আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শাহদাত খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
এরপর সকাল ৯টা ৫ মিনিটে অসুস্থ অবস্থায় হাজতি আবদুল কাউয়ুমকে কারারক্ষী হেমায়েত হোসেনসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউয়ুম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুদু মিয়ার ছেলে। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ ফাঁড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//