ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রাশিদা খাতুন নামে ৪২ বছর বয়সী এক নারী রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।
গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
অন্যজন জাফর আলী। ৭০ বছর বয়সী এই রোগীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এআরডিএস, সেপসিস, সেপটিক শক ও ডিআইসি উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন। ছুটি পেয়েছেন ৫৮ জন।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//