Publish: Saturday, 21 November, 2026, 3:47 PM
তিন দিন আগে নড়াইলের কালিয়ায় যে দুই বিএনপি নেতা হত্যার শিকার হয়েছেন, তাদেরই স্বজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে শুক্রবার (২০ নভেম্বর) অগ্নিসংযোগ করেছে বলে দাবি পুলিশের।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর স্লুইস গেইট লাগোয়া বটতলায় বিএনপির মিছিলে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেন্দারচরের বুলু বিশ্বাসের সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকাল পৌনে ৫টায় নিহতদের আত্মীয়স্বজন ‘অন্যান্য লোকদের’ সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে একত্রিত হন। তারা ‘হত্যার ঘটনায় জড়িত’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা করে চলে যায়।
পুলিশ সুপার বলছেন, তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, শুক্রবার বিকালে বেন্দারচর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে আছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর।
‘হিন্দু বাড়িতে হামলার তথ্য মিথ্যা’
এদিকে কালিয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে দাবি করেছেন এসপি মোহাম্মদ আল মামুন শিকদার।
তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।
বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই দাবি করে পুলিশ কর্মকর্তা আল মামুন শিকদার বলেন, উক্ত ঘটনায় কোন হিন্দু সদস্যের কোন পরিবারের উপর হামলা বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটে নাই।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//