Advertisement
পুরোনো অভিমান পেছনে ফেলে নতুন গল্পে জোভান-ফারিণ
বিনোদন ডেস্ক
Publish: Sunday, 22 November, 2026, 1:28 AM

একসময় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু, একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া মনোমালিন্যে থেমে যায় সেই জুটির পথচলা। দীর্ঘ তিন বছরের বেশি সময় পর আবারো একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। তাদের এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’।

জোভান-ফারিণের এই দূরত্বের সূত্রপাত ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটককে ঘিরে। নাটকটির প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। কারো নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেছিলেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক অভিনয়শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন।

ওই সময় জোভান আক্ষেপ করে জানিয়েছিলেন, ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তি পেলেও সংশ্লিষ্ট অভিনেত্রীর পক্ষ থেকে প্রচারের কোনো আগ্রহ দেখা যায়নি। অথচ ওটিটির কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন তিনি। জোভানের এমন মন্তব্যের পর অনেকেই ফারিণের দিকেই ইঙ্গিত করেছিলেন।

বিষয়টি নিয়ে তখন বিস্ময় প্রকাশ করেন ফারিণ। তার বক্তব্য ছিল, নাটক দিয়েই অভিনয়জীবন শুরু করেছেন তিনি। ফলে এই মাধ্যমকে ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। দুজনের মধ্যে প্রকাশ্যে বড় কোনো বিরোধ না হলেও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের।


তবে, পুরোনো সেই দূরত্ব এবার পেছনে ফেলে নতুন কাজ শুরু করেছেন দুই অভিনয়শিল্পী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা নিজেই।

অন্যদিকে, ‘প্রাণ সখিয়া’ দিয়ে শুধু জোভানের সঙ্গেই নয়, দীর্ঘ বিরতির পর টেলিভিশন নাটকেও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বাড়ার পর ছোট পর্দায় তার উপস্থিতি কমে গিয়েছিল। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

এদিকে, চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

একদিকে নতুন নাটক, অন্যদিকে পুরোনো জুটির প্রত্যাবর্তন—দুই মিলিয়ে ‘প্রাণ সখিয়া’ ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। পর্দায় জোভান-ফারিণের সেই পুরোনো রসায়ন কতটা ফিরে আসে, এবার সেটিই দেখার অপেক্ষা।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ