সৌদি আরবের ওপর হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকা এবং ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলার মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছেন। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবে কতটা সামরিক সহায়তা নিশ্চিত করতে পারবে, তা-ই এখন বড় প্রশ্ন। গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনও একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
চুক্তি স্বাক্ষরের পর এটি নিয়ে তিন দেশের কর্মকর্তাদের তৃতীয় বৈঠক। ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবার আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তবে তিনি চুক্তিটিকে এখনও প্রাথমিক পর্যায়ে বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে, পাকিস্তান সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান জানিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ১৯ নভেম্বর হুতিদের হামলায় দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের কার্যালয় অবস্থিত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২৪ নভেম্বরের হামলায় ১১ জন আহত হন। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, সৌদি আরব হুতিদের মোকাবিলায় পাকিস্তানের আরও সক্রিয় সামরিক ভূমিকা চাইতে পারে। তবে ইয়েমেনে সরাসরি যুদ্ধে জড়ালে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ, হুতিদের প্রধান সমর্থক ইরান।
এদিকে চুক্তির আওতায় যৌথ সামরিক অভিযান কীভাবে পরিচালিত হবে, কোন বাহিনী অংশ নেবে কিংবা নেতৃত্ব কার হাতে থাকবে- এসব বিষয় এখনও স্পষ্ট নয়। ফলে তিন দেশের রাজনৈতিক অঙ্গীকারকে কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়াই মক্কা প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//