শিল্প-সাহিত্য ও শুদ্ধ সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘রক্তকরবী’র বর্ণাঢ্য বৈশাখ বরণ ও বিশেষ সাহিত্য সাময়িকীর পাঠ উন্মোচন অনুষ্ঠান। গত শনিবার (২৫ এপ্রিল) বাংলামোটরের ‘ত্রিলোক বাচিক পাঠশালা’ হলরুমে এই নান্দনিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রক্তকরবীর আমন্ত্রণে বিশেষ সংহতি প্রকাশ করে অংশ নেয় বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা। দুই সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর শৈল্পিক মঞ্চসজ্জা। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যকেও রঙ ও অলংকরণের মাধ্যমে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়। প্রতীকী এই উপস্থাপনা উপস্থিত দর্শকদের মনে গভীর মুগ্ধতা সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রক্তকরবীর সাধারণ সম্পাদক মৌসুমী আখতার বলেন, ‘বাঙালির শেকড় সন্ধানী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
রক্তকরবীর প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই প্রকাশনাটি আলোর মুখ দেখেছে।’
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রক্তকরবীর বৈশাখী সংখ্যার পাঠ উন্মোচন করেন সহযোগী অধ্যাপক নাজিয়া খান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন রক্তকরবীর সভাপতি তাহেরা আফরোজ, সাধারণ সম্পাদক মৌসুমী আখতারসহ কবি মেহবুবা হক রুমা, লেখক খন্দকার ফাহমিদা ফেরদৌস, সহযোগী অধ্যাপক মোহসেনা বেগম এবং রক্তকরবীর শীর্ষ নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক আয়োজনে রক্তকরবী এবং বসুন্ধরা শুভসংঘ দুই সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক।
সাংস্কৃতিক পর্বে শুভসংঘের সদস্য আনিকার কথিকা পাঠ, রক্তকরবীর সদস্য তাহমিনা ও তার দলের জারি গান এবং বহ্নির নৃত্য দর্শকদের মুগ্ধ করে।
আবৃত্তির পর্বে একে একে মঞ্চে আসেন ইব্রাহিম আজাদ, উদাসী লিমন, লাবণ্য মল্লিক, পারভেজ বাবুল, সাইফুল হক, লাবণ্য সীমা, মেহবুবা হক রুমা, মৌসুমী আখতার। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খন্দকার ফাহমিদা ফেরদৌস ও ইব্রাহিম আজাদের দ্বৈত আবৃত্তি। পুঁথি পাঠে প্রতিষ্ঠানের সভাপতি তাহেরা আফরোজ ফিরিয়ে আনেন ঐতিহ্যের শিকড়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি সাইফুল হক। যার উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে বিশেষ মর্যাদা।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রক্তকরবীর সভাপতি তাহেরা আফরোজের বক্তব্যের মাধ্যমে। তিনি তার বক্তব্যে রক্তকরবীর এই শিল্পিত যাত্রায় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো সৃজনশীল কাজের প্রত্যয় ব্যক্ত করেন। রক্তকরবীর এই শিল্পিত প্রয়াস এবং বসুন্ধরা শুভসংঘের ভ্রাতৃত্বপূর্ণ সংহতি আগামীতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে আরো বেগবান করবে বলে প্রত্যাশা সবার।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//