Publish: Sunday, 10 May, 2026, 1:13 PM
বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন ( বিটিডব্লিউএ)’র ভ্রমণ ও সৃজনশীলতার উৎকর্ষ স্বীকৃতির আওতায় ভ্রমণ পত্রিকা পুরস্কার অর্জন করেছে দশবছর বয়সী ভ্রমণসাহিত্যের কাগজ 'ভ্রমণগদ্য'। “এ্যাওয়ার্ডস ফর ট্রাভেল এ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স’ আয়োজনে দেশের প্রথিতযশা ভ্রমণলেখক, ভ্রমণ প্রকাশনা, আলোকচিত্রী, ভ্রমণ ডিজাইনার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরসহ নানাক্ষেত্রে সৃজনশীল ও উৎকর্ষময় অবদানের জন্য কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে।এ উপলেক্ষে ৯ মে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন ভ্রামণিকদের পদভারে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে টিভি ব্যক্তিত্ব খ ম হারুন, উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ভ্রমণলেখক শাকুর মজিদ,বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল, ভোক্তা অধিকার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, বিটিডব্লিউএ সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকিল বিন মোস্তাক ও ফুয়াদ বিন ওমর। সংগঠনের সভাপতি ভ্রামণিক আশরাফুজ্জামান উজ্জ্বল যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় যুক্ত হন।
২০২৫ সালের সেরা ভ্রমণলেখক হিসাবে মাহফুজুর রহমানকে সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার, সেরা এ্যাডভেঞ্চার লেখক হিসাবে মুনতাসির মামনুকে রামানাথ বিশ্বাস এ্যাডভেঞ্চার পুরস্কার, সেরা ভ্রমণ ফটোগ্রাফার হিসাবে মুস্তাফিজ মামুনকে সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার, সেরা সৃজনশীল নকশাবিদ হিসাবে আনিসুজ্জামান সোহেলকে সেরা নকশাবিদ পুরস্কার, সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা হিসাবে ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’ (সম্পাদক-মাহমুদ হাফিজ) কে সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা পুরস্কার এবং সেরা ভ্রমণ বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সালাহউদ্দীন সুমনকে সেরা ভ্রমণ বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি-লেখক সাংবাদিক আবাম ছালাহউদ্দিন, মাহফুজুল হক জগলুল, কাজী রফিক, আবদুর রব, ক্ষমা মাহমুদ, ড. নাঈমা খানম, জাকারিয়া মন্ডল, আতিকুল ইসলাম, হোমায়েদ ইসহাক মুন প্রমুখ যোগ দেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//