Advertisement
জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 26 November, 2026, 12:48 AM

জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক।

তিনি বলেন, একসময় অপরাধপ্রবণ এই এলাকা বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে এ নিয়ন্ত্রণ ধরে রাখা হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুল প্রাঙ্গণে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনে তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প ও চলমান কার্যক্রম এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সরেজমিনে দেখেন।

ডিআইজি শামসুল বলেন, ‘আপনারা জানেন, এই জায়গা একসময় অপরাধপ্রবণ ছিল। বর্তমানে আমরা সেটা নিয়ন্ত্রণে নিয়েছি। এলাকার মানুষজন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। দিনরাত আমাদের যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই এখানে নতুন করে সন্ত্রাস হবে, অপরাধীরা আশ্রয় নেবে এটা আমরা হতে দেব না। যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ ধরে রাখব।’



তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায় পুলিশ। মানুষের যাতে কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। কোনো সমস্যা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল সলিমপুরে সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ডিআইজি বলেন, এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ হচ্ছে। সড়কগুলো চালু হলে বাসিন্দাদের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ ও শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া এখানে পুলিশ একাডেমি স্থাপনের পরিকল্পনাসহ সরকারের অন্যান্য উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী এসব বাস্তবায়ন করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।


তিনি আরও বলেন, সড়ক নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে। প্রথমত, শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে পরিস্থিতি আরও উন্নত হবে এবং যোগাযোগের সুবিধা বাড়বে।

চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি বলেন, এসব এলাকায় আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। পুলিশ সেই লক্ষ্যেই কাজ করছে। ফটিকছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সব অস্ত্র উদ্ধার হয়েছে, এমন দাবি করা হচ্ছে না। অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অস্ত্রের সন্ধান দিলে সরকার যথাযথভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। আশা করা হচ্ছে, অভিযান অব্যাহত থাকলে আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।

আসন্ন ১৬ ডিসেম্বর ও ডিসেম্বর মাস ঘিরে চট্টগ্রামে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই। পুলিশ প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ