Advertisement
সড়ক নির্মাণে নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না: প্রশাসক ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম ব্যুরো
Publish: Thursday, 26 November, 2026, 1:09 AM

চট্টগ্রাম নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসব প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিংসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) এসব উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।”

তিনি বলেন, গোসাইলডাঙ্গা এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। নগরীর প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চসিক কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, নগরীর প্রতিটি অলিগলির সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর প্রতি উন্নয়নকাজ তদারকির আহ্বান জানিয়ে বলেন, এসব সড়ক দিয়ে আপনারা চলাচল করবেন, আপনাদের পরিবারের সদস্য ও সন্তানরা চলাচল করবে। তাই কাজের মান নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরও রয়েছে। ঠিকাদার কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

চসিক সূত্রে জানা যায়, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে বাস্তবায়িত তিনটি প্রকল্পের মধ্যে বি নাগ লেইন ও গলিসমূহ এবং আজিজ মিয়া গোডাউন রোডের উন্নয়নে ব্যয় হয়েছে ৫৬ লাখ ৮০ হাজার টাকা। ফকিরহাট রোড, বেচা শাহ রোড ও বাই লেইনসমূহের উন্নয়নে ব্যয় হয়েছে ৭৮ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া বারিক মিয়া স্কুল রোড, বারিক মিয়া বাড়ি রোড, কে বি দোভাষ লেইন ও মৌলভী আহমদ উল্লাহ রোডের উন্নয়নে ব্যয় হয়েছে ৮৫ লাখ ৭০ হাজার টাকা। তিনটি প্রকল্পে সর্বমোট ব্যয় হয়েছে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।

এসব উন্নয়নকাজের ফলে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ সুবিধা সম্প্রসারণ এবং নাগরিকদের চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসক আরও বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নযাত্রাকে সফল করতে নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ